রাজধানীতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন করেছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে অ্যামচ্যামের অঙ্গীকারের কথা জানান।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে অ্যামচ্যামের ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চলমান সংস্কার কার্যক্রম, নীতিগত স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মাহদি আমিন।

অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। এতে মার্কিন সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যামচ্যাম বাংলাদেশের সহসভাপতি এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকায় মার্কিন দূতাবাসের বাণিজ্যবিষয়ক কাউন্সেলর পল ফ্রস্ট এবং অ্যামচ্যামের কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদ। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।