নোয়াখালীর চাটখিলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়েছে একটি মোটরসাইকেল। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. নাজিম হোসাইন (২৪)। তিনি উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির মোহাম্মদ আমিন উল্যার ছেলে। পেশায় তিনি মোবাইল মেকানিক ছিলেন।
নিহত তরুণের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে নাজিম ও তাঁর প্রতিবেশী মো. আবির নামের এক তরুণ মোটরসাইকেলে নিজেদের এলাকা থেকে উপজেলার দিঘিরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দশঘরিয়া এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। আর মোটরসাইকেলে থাকা নাজিম ও আবির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি শুরু হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় নাজিমের। আর আবিরকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাজিমের প্রতিবেশী গিয়াস উদ্দিন জানান, নাজিম তিন বছর ধরে চাটখিল পৌর মার্কেটের একটি দোকানে মোবাইল মেকানিক হিসেবে কাজ করছিলেন। মাত্র এক দিন আগেই দোকানটি থেকে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায় নিয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, ঢাকার নামীদামি কোনো প্রতিষ্ঠান থেকে আইফোনসহ দামি ইলেকট্রনিক গ্যাজেট মেরামতের কোর্স করবেন। কিন্তু ঢাকার সেই ট্রেনিং সেন্টারে আর পৌঁছানো হলো না তাঁর।
জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ মুক্তকণ্ঠকে বলেন, পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়নি। স্থানীয় লোকজনের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






