অস্তিত্বের স্বরূপ কী? সেটা কি একরৈখিক, সমজাতীয় ও সমতল (ফ্লাট রিয়ালিটি), নাকি স্তরবিন্যস্ত, সম্পর্কনির্ভর ও অর্থ-সংগঠিত বাস্তবতা? আধুনিক বস্তুবাদী বিশ্বদর্শনের একটি মৌলিক অনুমান হলো, সমস্ত বাস্তবতা শেষ পর্যন্ত একই ধরনের পদার্থগত সত্তায় রূপান্তরযোগ্য।
পদার্থ, শক্তি, তথ্য কিংবা জটিলতার বিভিন্ন মাত্রা থাকলেও সেগুলো মূলত একই সমতলের ভিন্ন বিন্যাসমাত্র। এই ফিকিরে অস্তিত্বের কোনো গুণগত স্তরবিন্যাস নেই। মানুষ ও নক্ষত্র, চেতনা ও পদার্থ একই ভৌত বাস্তবতার ভিন্ন সংগঠন। ফারাকটা কেবল জটিলতার। অস্তিত্বগত প্রকৃতির নয়, মর্যাদার নয়।
ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে এই সমতল অন্টোলজির মৌলিক সীমাবদ্ধতা স্পষ্ট। সে ‘কী আছে’—এই প্রশ্নের আংশিক উত্তর দেয়, কিন্তু ‘কেন আছে’, ‘কোন উৎস থেকে আছে’ এবং ‘কী উদ্দেশ্যে আছে’—এই অস্তিত্বগত প্রশ্নগুলোর সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না।
এখানে কোনো সত্তার অস্তিত্ব (ওজুদ) এবং তার প্রকৃতি (মাহিয়্যাহ) এক বিষয় নয়।
কোনো বস্তুর বৈজ্ঞানিক বর্ণনা তার গঠন, ধর্ম ও কার্যকারিতা ব্যাখ্যা করতে পারে; কিন্তু তার অস্তিত্বগত তাৎপর্য, উদ্দেশ্য ও সৃষ্টিগত অবস্থানকে সম্পূর্ণ তফসির করতে পারে না। এ কারণেই ফিতরাতি বাস্তুবিদ্যায় অস্তিত্ব মানে শুধু বস্তুর উপস্থিতি নয়; বরং বস্তুর উৎস, অর্থ, সম্পর্ক ও উদ্দেশ্যের মজমাময় বাস্তবতা।
.ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে এই সমতল অন্টোলজির মৌলিক সীমাবদ্ধতা স্পষ্ট। সে ‘কী আছে’—এই প্রশ্নের আংশিক উত্তর দেয়, কিন্তু ‘কেন আছে’, ‘কোন উৎস থেকে আছে’ এবং ‘কী উদ্দেশ্যে আছে’.
বাস্তবতার ভেতরে যে বৈচিত্র্য, অর্থ, উদ্দেশ্য, চেতনা ও আখলাকের স্তর আমরা দেখি, কেবল পদার্থের ক্রমবর্ধমান জটিলতার মাধ্যমে তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না। ফলে ফিতরাতি বাস্তুতত্ত্বে অস্তিত্বকে দেখা হয় মারাতিবুল ওজুদ বা স্তরবিন্যস্ত অস্তিত্বের এক সুশৃঙ্খল স্থাপত্য হিসেবে।
এই স্থাপত্যে প্রতিটি সত্তা একই উৎস থেকে উদ্ভূত হলেও তাদের অস্তিত্বগত মর্যাদা, ভূমিকা ও অর্থবহনক্ষমতা সমান নয়। তাওহিদ এই বৈচিত্র্যকে নাই করে না। বরং একটি অভিন্ন উৎসের অধীন তাকে সুশৃঙ্খল ঐক্যে সংযুক্ত করে।
এই স্তরবিন্যাসের সর্বোচ্চ ভিত্তি হলো ওয়াজিবুল ওজুদ (অপরিহার্য অস্তিত্ব) ও মুমকিনুল ওজুদ (নির্ভরশীল বা সম্ভাব্য অস্তিত্ব)-এর ফারাক। আল্লাহর অস্তিত্ব স্বয়ংসম্পূর্ণ, অনাদি ও অপরিহার্য।
পক্ষান্তরে সমগ্র কায়েনাত তার অস্তিত্বে নির্ভরশীল। সৃষ্টিজগতের প্রতিটি স্তর অস্তিত্ব লাভ করে। কিন্তু কেউই নিজে নিজের অস্তিত্বের উৎস নয়। ফলে মারাতিবুল ওজুদ কেবল সৃষ্টির অভ্যন্তরীণ শ্রেণিবিন্যাস নয়। এটি হচ্ছে কায়েনাতের সব অস্তিত্বের চূড়ান্ত নির্ভরতারও ঘোষণা।
এ কারণে ফিতরাতি বাস্তুবিদ্যা বাস্তবতাকে দ্বিমাত্রিকভাবে উপলব্ধি করে। একদিকে রয়েছে অনুভূমিক বাস্তবতা, যেখানে পদার্থ, শক্তি, প্রাণ, প্রতিবেশ ও মহাজাগতিক গতিশীলতা পরস্পর সম্পর্কযুক্ত একটি দৃশ্যমান জগৎ নির্মাণ করে।
অন্যদিকে রয়েছে উল্লম্ব বাস্তবতা, যা সেই দৃশ্যমান বিন্যাসকে অর্থ, উদ্দেশ্য, বিধান ও সৃষ্টিগত অভিমুখ প্রদান করে। প্রথমটি পর্যবেক্ষণের বিষয়, দ্বিতীয়টি অস্তিত্বের অন্তর্নিহিত তাৎপর্য। ফলে প্রকৃতি কেবল বস্তুসমষ্টি নয়, বরং ঐশী বিধানের একটি অবিরাম ভাষ্য।
কারণ-কার্যের প্রতিটি সম্পর্ক সুন্নাতুল্লাহর প্রকাশ, আর প্রতিটি পরিবেশগত সংগতি মানে মিজানের কার্যকর উপস্থিতি। মিজান হলো অস্তিত্বের অন্তর্নিহিত স্থাপত্যগত সামঞ্জস্য, যার মাধ্যমে সৃষ্টির প্রতিটি স্তর তার নির্ধারিত সম্পর্ক, সীমা ও উদ্দেশ্যের মধ্যে অবস্থান করে।
বাস্তবতার স্তরগুলো মিজানের সঙ্গে যুক্ত। আর তার গভীরতম স্তর বাতেনি নীতিতে নিহিত।
এই উল্লম্ব মাত্রা কোনো অতিরিক্ত কল্পলোক নয়; বরং সে হচ্ছে দৃশ্যমান জগতের অন্তর্নিহিত অর্থব্যবস্থা। এখানে উদ্দেশ্য (গায়াহ), হিকমাহ, ভারসাম্য (মিজান) ও সুন্নাতুল্লাহ বাস্তবতার অবিচ্ছেদ্য উপাদান।
.মহাবিশ্বে মানুষের অবস্থান: ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিকোণ.ফলে কোনো সত্তাকে বুঝতে হলে যেভাবে তার উৎপত্তি বা কার্যকারণ জানা লাগবে, তেমনি তার সৃষ্টিগত ভূমিকা, অভিমুখ ও উদ্দেশ্যও অনুধাবন করতে হবে।
এখানে দৃশ্যমান (শাহাদাহ) ও অদৃশ্য (গায়েব) জগৎ পরস্পরের দুশমন নয়। তারা একই বাস্তবতার দুই মাত্রা। গায়েবকে অস্বীকার করলে শাহাদাহর অর্থ অসম্পূর্ণ হয়ে পড়ে, আবার শাহাদাহকে উপেক্ষা করলে গায়েব বিমূর্ত বিশ্বাসে পরিণত হয়। ফলে বাস্তবতা কেবল যা পরিমাপযোগ্য তা-ই নয়।
বাস্তবতা সেই সমগ্র অস্তিত্বব্যবস্থা, যেখানে দৃশ্যমান রূপ, অদৃশ্য বিধান ও অর্থবাহী সম্পর্ক একত্রে কাজ করে। এই কারণে ওহি, রুহ, ফেরেশতা, তাকদির কিংবা বরকতের মতো হাকিকতগুলো ফিতরাতি বাস্তুবিদ্যার কাছে গুরুত্বপূর্ণ। তারা এখানে ভৌত বিজ্ঞানের বিকল্প ব্যাখ্যা নয়, বরং তারা অস্তিত্বের বৃহত্তর স্তরবিন্যাসের অংশ।
এ কারণে বাহ্যিক সংযোগকেই এখানে সম্পর্ক (রাবিতাহ) মনে করা হয় না। সম্পর্ক হচ্ছে অস্তিত্বের গঠনমূলক বৈশিষ্ট্য। কোনো সত্তা বিচ্ছিন্ন অবস্থায় তার পূর্ণ অর্থ বহন করে না। মাটি বৃক্ষের সঙ্গে, বৃক্ষ প্রাণের সঙ্গে, প্রাণ মানুষের সঙ্গে এবং মানুষ সমগ্র কায়েনাতের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়েই তার অস্তিত্বগত তাৎপর্য প্রকাশ করে।
সম্পর্ক তাই কেবল পরিবেশগত নয়, তা অস্তিত্বগত।
.সূর্য নিজের সীমা লঙ্ঘন করে না, নদী নিজের স্বভাব বর্জন করে না, বৃক্ষ নিজের দানের নিয়ম ভাঙে না। এই স্বভাবগত আনুগত্যই ফিতরাহর প্রকাশ। মানুষও এই ব্যবস্থার অংশ।.
অস্তিত্বের এই স্তরবিন্যাসের কেন্দ্রীয় ধারণা হলো প্রতিটি স্তর নিম্নস্তরকে অস্বীকার না করে তাকে অর্থপূর্ণ করে তোলে। পদার্থ জীবনের ভিত্তি, কিন্তু জীবনকে পদার্থে খতম করা যায় না।
জীবন চেতনার ভিত্তি, কিন্তু চেতনাকে কেবল স্নায়বিক ক্রিয়ায় সীমাবদ্ধ করা যায় না। চেতনা নৈতিকতার ভিত্তি, কিন্তু নৈতিকতাকে কেবল জৈবিক অভিযোজনের নতিজা বলা যায় না।
এভাবে প্রতিটি উচ্চতর স্তর নিম্নতর স্তরকে ধারণ করে, আবার তাকে অতিক্রমও করে। ফলে বাস্তবতার ব্যাখ্যা কেবল নিচ থেকে ওপরের দিকে (বাটন আপ) যায় না; ওপর থেকে নিচের দিকেও (টপডাউন) সে অর্থবাহী।
অতএব উচ্চতর স্তর নিম্নতর স্তরের ওপর প্রতিষ্ঠিত হলেও তার মধ্যে সম্পূর্ণরূপে সংকুচিত হয় না। জীবন পদার্থের ওপর নির্ভরশীল, কিন্তু পদার্থের সমার্থক নয়। চেতনা জীবনের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু কেবল জীব–রসায়নের সমষ্টি নয়।
নৈতিকতা চেতনার ভেতরে বিকশিত হয়, কিন্তু তাকে কেবল বিবর্তনগত অভিযোজন দিয়ে ব্যাখ্যা করা যায় না। প্রতিটি স্তর নিম্নস্তরকে ধারণ করে, আবার তাকে নতুন অর্থেও উত্তীর্ণ করে।
এই কাঠামোয় কায়েনাত একটি বহুমাত্রিক সম্পর্ক-জাল। মাটি, পানি, বৃক্ষ, প্রাণী, মানুষ ও মহাজাগতিক ব্যবস্থার কোনো কিছুই বিচ্ছিন্ন উপাদান নয়; তারা অস্তিত্বের একই স্থাপত্যের বিভিন্ন স্তর।
একটি নদী জলচক্র, জীববৈচিত্র্য, মানবসমাজ, কৃষি, সৌন্দর্য ও সৃষ্টিগত মিজানের মধ্যে সেতুবন্ধন রচনা করে। একটি বৃক্ষ আলো, মাটি, পানি, বায়ু ও প্রাণের মধ্যে সম্পর্কের দৃশ্যমান রূপ।
অর্থাৎ অস্তিত্বের প্রতিটি স্তর অপর স্তরের সঙ্গে সম্পর্কিত এবং সেই সম্পর্কের মাধ্যমেই তার অর্থ কামাল হাসিল করে।
এই সম্পর্কগুলোর মধ্যেই সৌন্দর্যের (জামাল) অস্তিত্বগত ভিত্তি নিহিত। সৌন্দর্য কি কেবল মানুষের রুচির প্রতিক্রিয়া? না। সে মিজান, সামঞ্জস্য, অনুপাত ও যথাস্থানের প্রকাশ। একটি বৃক্ষের সৌন্দর্য তার রঙে সীমাবদ্ধ নয়; বরং মাটি, আলো, পানি, বায়ু ও প্রাণের মধ্যে তার সুষম অবস্থানে নিহিত।
এ কারণে সৌন্দর্যও ফিতরাতি বাস্তুবিদ্যায় একটি অন্টোলজিক্যাল বাস্তবতা।
এ কারণেই ফিতরাতি বাস্তুবিদ্যায় প্রকৃতিকে কেবল একটি ইকোসিস্টেম বলা যথেষ্ট নয়। প্রকৃতি একটি কসমিক আমানত-ব্যবস্থা। এখানে প্রতিটি সত্তা তার নির্ধারিত সীমা, দায়িত্ব ও সৃষ্টিগত ভূমিকার মধ্যে অবস্থান করে।
সূর্য নিজের সীমা লঙ্ঘন করে না, নদী নিজের স্বভাব বর্জন করে না, বৃক্ষ নিজের দানের নিয়ম ভাঙে না। এই স্বভাবগত আনুগত্যই ফিতরাহর প্রকাশ। মানুষও এই ব্যবস্থার অংশ।
কিন্তু তার বিশেষত্ব হলো সে এই শৃঙ্খলাকে বুঝতে পারে, অমান্যও করতে পারে এবং সচেতনভাবে তা অনুসরণও করতে পারে। এখানেই মানুষের স্বাধীনতা এবং জবাবদিহির পয়লা সবক।
.বস্তু থেকে আয়াত: প্রকৃতি-পাঠের এক তাওহিদি রূপান্তর.এই উচ্চতর অস্তিত্বগত ফজিলতের ভিত্তি কি ক্ষমতা? না। এখানে ভিত্তি হচ্ছে চেতনা, আমানত, নৈতিক বিচার ও জবাবদিহির সক্ষমতা। কোনো সত্তা যত বেশি অর্থ বহন করে, তত বেশি দায়িত্ব বহন করে। ফলে মানুষের শ্রেষ্ঠত্ব তার ভোগক্ষমতায় নয়; বরং তার নৈতিক দায়িত্ব গ্রহণের যোগ্যতায়।
আধুনিক কসমোলজি মহাবিশ্বের বিস্তার, গ্যালাক্সির গঠন, নক্ষত্রের জন্ম ও মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। এগুলো বাস্তবতার ভৌত স্তরকে উন্মোচন করে এবং তা অপরিহার্য। কিন্তু ফিতরাতি বাস্তুবিদ্যা সওয়াল করে—এই বিস্তার কি কেবল শক্তি ও পদার্থের পুনর্বিন্যাস, নাকি তা একটি বিধানিক স্থাপত্যেরও প্রকাশ?
মহাবিশ্বের গণিতসম্মত শৃঙ্খলা, ধ্রুবকগুলোর সূক্ষ্ম সামঞ্জস্য, জীবনের উপযোগী পরিবেশগত ভারসাম্য কি কোনো নেজামের অংশ? মহাবিশ্বে তথ্য-সংগঠিত জৈব কাঠামো কি নিছক ঘটনাক্রম, নাকি এগুলো একটি বৃহত্তর সৃষ্টিগত কানুনের দিকে ইঙ্গিত করে?
এই প্রশ্নের উত্তর বৈজ্ঞানিক পরীক্ষাগারে সম্পূর্ণ নিষ্পত্তি করা সম্ভব নয়। কারণ, মামলাটি কার্যকারণের নয়, অর্থের, মর্মের। ফিতরাতি বাস্তুবিদ্যা এই অর্থের প্রশ্নকে অন্টোলজির কেন্দ্রস্থলে স্থাপন করে।
একইভাবে সময়ও এখানে কেবল পরিবর্তনের পরিমাপক নয়। সময় সৃষ্টিজগতের একটি মাত্রা, যা সৃষ্টির বিকাশ, পরীক্ষা ও নৈতিক দায়িত্বের ক্ষেত্র তৈরি করে। আল্লাহ সময়ের অধীন নন; বরং সময় তাঁর সৃষ্ট ব্যবস্থার অংশ। ফলে ইতিহাস, পরিবেশ ও মানবসভ্যতা সময়ের ধারাবাহিকতায় অর্থ লাভ করে।
.কায়েনাত শেষ পর্যন্ত বস্তুসমষ্টি নয়; সে একটি স্তরবিন্যস্ত আয়াত-সমগ্র, যেখানে প্রতিটি সত্তা তার নিজস্ব অবস্থান থেকে একই তাওহিদি সত্যের ইশারা বিস্তার করছে।.
এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ সওয়াল হলো অস্তিত্বের স্তরবিন্যাসের মানে কী? ফিতরাতি বাস্তুতত্ত্ব মনে করে অস্তিত্বের স্তরবিন্যাসের মানে দায়িত্বের স্তরবিন্যাস। সেটা নিছক ক্ষমতার স্তরবিন্যাস নয় ।
উচ্চতর অস্তিত্বগত মর্যাদা অধিকতর জবাবদিহিকে অবধারিত করে। এই কারণে মানুষকে কেবল উন্নত জীব নয়; বরং সে আমানত বহনকারী সত্তাও। তার মর্যাদা তার ভোগক্ষমতায় নয়, বরং সেটা নিহিত তার অর্থ উপলব্ধিতে, নৈতিক সিদ্ধান্তে ও ভারসাম্য রক্ষার ক্ষমতায়।
ফলে অস্তিত্বের শিখরে অবস্থান মানে অন্য সবকিছুর ওপর সীমাহীন কর্তৃত্ব নয়; বরং সমগ্র সৃষ্টিগত ব্যবস্থার প্রতি গভীরতর দায়বদ্ধতা।
এই প্রেক্ষাপটে বিশৃঙ্খলা (ফ্যাসাদ) কোনো স্বতন্ত্র অস্তিত্বগত নীতি নয়; বরং মিজানের ব্যত্যয়। দূষণ, পরিবেশ ধ্বংস, অবিচার কিংবা সীমালঙ্ঘন সৃষ্টিগত ব্যবস্থার বিকল্প কোনো কানুন নয়; এগুলো সেই কানুন না মানার খেসারত। ফলে পরিবেশগত সংকট কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়; তা অস্তিত্বগত ভারসাম্যহীনতারও প্রকাশ।
অতএব ফিতরাতি বাস্তুবিদ্যার অন্টোলজিক্যাল কাঠামোয় কায়েনাত হচ্ছে মারাতিবুল ওজুদের এক সুশৃঙ্খল, তাওহিদি ও অর্থবাহী স্থাপত্য, যেখানে দৃশ্যমান ও অদৃশ্য, পদার্থ ও অর্থ, নিয়ম ও উদ্দেশ্য, জীবন ও নৈতিকতা ইত্যাদি একটি অভিন্ন সৃষ্টিগত বিন্যাসে পরস্পর সংযুক্ত।
এই ভাবধারায় কায়েনাতকে বোঝার মানে কেবল তার গঠন বিশ্লেষণ করা নয়। বরং মহাবিশ্বকে বোঝার মানে হলো, তার স্তরবিন্যাস, তার সম্পর্ক ও তার অন্তর্নিহিত অর্থব্যবস্থাকেও অনুধাবন করা।
কারণ, কায়েনাত শেষ পর্যন্ত বস্তুসমষ্টি নয়; সে একটি স্তরবিন্যস্ত আয়াত-সমগ্র, যেখানে প্রতিটি সত্তা তার নিজস্ব অবস্থান থেকে একই তাওহিদি সত্যের ইশারা বিস্তার করছে।
অস্তিত্ব সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি জ্ঞানতত্ত্বকেও নির্ধারণ করে। বাস্তবতা যদি স্তরবিন্যস্ত, উদ্দেশ্যময় ও অর্থবাহী হয়, তবে তাকে জানার পদ্ধতিও বহুমাত্রিক হতে হবে। ইন্দ্রিয়, বুদ্ধি, অভিজ্ঞতা ও ওহি—প্রতিটি জ্ঞানের উৎস বাস্তবতার ভিন্ন ভিন্ন স্তর উন্মোচন করে।
ফলে ফিতরাতি বাস্তুবিদ্যায় অন্টোলজি ও জ্ঞানতত্ত্ব রক্তসম্পর্কের আত্মীয়, তারা একে অপরের স্বাভাবিক সম্প্রসারণ।
.বিজ্ঞান, দর্শন ও ওহি: কায়েনাত-পাঠের ত্রিমাত্রিক পদ্ধতি





