চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার মৃত আবদুল হকের ছেলে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন মজিবুল হক। মহাসড়কের ঢাকামুখী লেন অতিক্রম করার সময় তাঁকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত মজিবুল হকের ছোট ছেলে মোহাম্মদ আলাউদ্দিন মুক্তকণ্ঠকে জানান, তাঁর বাবা কর্মজীবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) কর্মী ছিলেন। অবসর নিয়ে বাড়িতেই থাকতেন তিনি। ঘোরাঘুরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। বিনা ময়নাতদন্তে লাশ পেতে হাইওয়ে পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানান আলাউদ্দিন।
জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেব।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। আমরা গাড়িটি আটকের চেষ্টা করছি।’






