লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক টেবিল পাখা মেরামত শুরু করেছিলেন যুবক। তবে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সজীব (৩৩)। তিনি ওই গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে সজীব নিজ বাড়ির বসতঘরে থাকা একটি টেবিল পাখা মেরামত করছিলেন। তখন বিদ্যুৎ ছিল না। তবে ফ্যানের সংযোগ লাগানো ছিল। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ এলে সজীব বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাঁর ডান হাতের দুটি আঙুল পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

এদিকে এ দুর্ঘটনার খবর পাওয়ার পর উপজেলার চর জব্বর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ঘটনাস্থলে যান। তিনি নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। জানতে চাইলে মো. মাঈন উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।