মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
আমরা দেখছি কিশোরদের মধ্যে ভেইপিং বা ই-সিগারেটের প্রতি আগ্রহ বাড়ছে। এটাকে আপনি কীভাবে দেখেন? এর উত্তরে ডা. সরদার আতিক বলেন, কিশোরেরা সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে চায়। বর্তমানে ই-সিগারেট বা ভেইপ একটি 'ফ্যাশন' হয়ে দাঁড়িয়েছে। একটি সাধারণ সিগারেটের প্যাকেটের চেয়ে পাঁচ-দশ হাজার টাকার ভেইপ মেশিন ব্যবহার করে তারা নিজেদের 'হাই ক্লাস' দেখাতে চায়। আমাদের অবজারভেশন বলছে, অনেকে সিগারেট ছাড়ার অজুহাতে ভেইপ শুরু করলেও পরে তারা সিগারেট এবং ভেইপ—দুটোই ব্যবহার করছে। ফলে ক্ষতির পরিমাণ ডাবল হয়ে যায়। সিগারেট বা ভেইপ—দুটোই আমাদের দেহের জন্য ক্ষতিকর। সুতরাং এগুলো পরিহার করতে হবে।’






