উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এশিয়া ও আফ্রিকার ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উত্তরা ইউনিভার্সিটি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তার ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেসে (জিএসডিসি) এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের নেতা, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তাঁরা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক তৈরি ও একাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা করেন।
এ বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এ ছাড়া ফিলিপাইনের ছয়টি এবং দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে তারা। এসব সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম ও আন্তর্জাতিক সম্মেলন যৌথভাবে আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।






