ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ‘ফেন্সি সামির’কে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আগামী রোববার মাহাবুবের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সাভার থানার জিআর শাখার উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, আজ মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই আশিষ কুমার দাস আসামিকে আদালতে হাজির করেন। তিনি মাহাবুবকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে তাঁর আইনজীবী মো. মহসিন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, চাঁদা না পেয়ে গত ২৪ মে মাহাবুব ও তাঁর সহযোগীরা ব্যবসায়ী শামীম রেজার বাড়ি ও রিকশা গ্যারেজে হামলা চালান। তাঁরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন। ওই সময় নগদ টাকা ও ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

পরে গত ১২ জুন রাতে আসামিরা আবারও শামীম রেজার বাসায় গিয়ে চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তাঁরা পরিবারের সদস্যদের মারধর করেন। মামলায় এক নারীকে শ্লীলতাহানি ও একটি শিশুকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। নগদ টাকা, রিকশা, স্বর্ণালংকারসহ সব মিলিয়ে ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুটের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে গত ২৪ জুন সাভার মডেল থানায় মামলাটি করেন। মাহাবুব সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।