নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সেনবাগ পূর্ব বাজারের সামসু মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহটি ইসমাইল হোসেন ওরফে পিন্টুর (৪২)। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার গুতমা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল ওহাব। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ জুন বাসাটি ভাড়া নেন ইসমাইল। এর দুই দিন পর থেকে বাসাটিতে বসবাস শুরু করেন তিনি। গতকাল দুপুরে তিনি এলাকার একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় ফেরেন। এরপর আর বাসা থেকে বের হননি। রাতে বাসার মালিক দেখতে পান, দরজা খোলা, ভেতরে অচেতন অবস্থায় ইসমাইল পড়ে রয়েছেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার মুক্তকণ্ঠকে বলেন, ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হয়েছে, স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।






