‘অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিল্পীদের সম্মিলিত গানের সুরে আয়োজন করা হয়েছে ‘ফোক–সন্ধ্যা’। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় শিল্পীদের সম্মিলিত কণ্ঠে ইসলামি, লোকসংগীত, ফোক ও লালনগীতির মনোমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের উৎফুল্ল করে তোলে।
.নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com.
আয়োজকেরা বলেন, সময়ের স্রোতে চলা সুস্থ সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। এই মাসের শেষের দিকে জুলাই স্মৃতি–সম্পর্কিত ‘জুলাই জাগরণ’ নামে আরেকটি বড়সরে আয়োজন করা হবে।
.ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এমন ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের তৌফিক দান করেছেন। ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে সারা দেশে ইসলামি সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশীয় সংস্কৃতির গানগুলো তুলে ধরার। দর্শক হিসেবে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
*লেখক: রবিউল আলম, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়






