আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কিছু মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে আমিনুল গণী দায়িত্ব পালন করছিলেন।
আইনজীবী আমিনুল গণীর চেম্বারের আইনজীবী শিব্বির আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, গতকাল রোববার সকালে আমিনুল গণী হৃদ্রোগে আক্রান্ত হন। একপর্যায়ে গতকাল রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আমিনুল গণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গভীর শোক প্রকাশ করছেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমিনুল গণী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইনপেশার প্রতি নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।






