ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়মিত ঘটনাই এখন। কেউ যখন খারাপ ফর্মে থাকেন, তখন তা বেড়ে যায় আরও। এবার ভাবুন নাজমুল হোসেনের কথা। তাঁর চেয়ে বেশি আর কাউকে নিয়ে কি ট্রল হয়েছে? প্রশ্নের উত্তরটা ‘না’-ই হওয়ার কথা।

ক্যারিয়ারের শুরুতে দর্শকদের তীব্র সমালোচনাই সহ্য করতে হয়েছে তাঁকে। তবে সমর্থকেরা যতই সমালোচনা করুন, তাঁকে পছন্দ করতেন জাতীয় দলের সব কোচ। কেন? মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন নাজমুল।

কথাগুলো তাঁর মুখে শুনুন, ‘আমি বুঝি না, খেলোয়াড়েরাও বলে যে সব কোচ আমাকে পছন্দ করে। কারণটা কী? কিছু একটা আছে। এটা বলা উচিত কি না, (মনে হয়) যে আমি অনেক বড়লোক পরিবার থেকে এসে আমি টাকাপয়সা দিয়েছি যে ভাই, কোচ, নাও।’

.‘কেউ যদি বলে প্রভাব ফেলে না, মিথ্যা কথা বলছে’ .

একটু পরই অবশ্য কোচদের পছন্দ করার কারণ খুঁজে বের করেছেন নাজমুল নিজেই, ‘আমার কাছে মনে হয় আমি তো অনুশীলন বলেন বা আমার ডেডিকেশনটা দেখে…। আসলে আমাকে বাংলাদেশের কোনো কোচ এখন পর্যন্ত এসে অপছন্দ করেনি। ক্রিকেটার, সাধারণ মানুষ বা সাংবাদিকেরা যেভাবে বলে।’

.

নাজমুল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবারই। সমলোচনার পথ পাড়ি দিয়ে তিন সংস্করণেই জাতীয় দলের অধিনায়ক। দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ডটাও এখন নাজমুলের। তাঁকে অপছন্দ করার কারণও নেই কোচদের!

নাজমুল বলেছেন, ‘এটা আমি বলব আমার কৃতিত্ব যে আমি ওভাবেই হয়তো কাজ করি। সেটা হয়তো অনেক সময় ফল হয়, (আবার) ফল আসে না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় যে আমার ওয়ার্ক এথিক, আমার সততা, দলের প্রতি ডেডিকেশন, আমার দলের জন্য ভালো চিন্তা করা, এই জিনিসগুলোতে আমি সব সময় চেষ্টা করি।’

.‘১৫ পাণ্ডব হোক’, কোনো সমস্যা নেই নাজমুলের