অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শনিবার মঞ্চস্থ হলো বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের একক নাটক ‘হেলেন কেলার’। স্থানীয় বাংলাদেশি নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে সন্ধ্যায় প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন হয়।
হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক এ নাটক রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম।স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন জানান, প্রযোজনাটি এর আগে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চ্যুয়াল নাট্যোৎসবেও এটি সম্প্রচারিত হয়েছে।
মেলবোর্নে নাট্যোৎসবের প্রথম পর্বে ছিল একটি বিশেষ আয়োজন। শিল্প ও সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ অর্জন করায় রেনেসাঁর নাট্যজন কামরুজ্জামান বালার্ককে সংবর্ধনা প্রদান করা হয়।
অভিনেত্রী জুয়েনা শবনম মুক্তকণ্ঠকে বলেন, ‘এত বড় একজন মানুষের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য বিশাল প্রাপ্তি। নাটকটি করতে গিয়ে বারবার উপলব্ধি হয়, মানুষ কীভাবে এত মহান হতে পারে!’দৃষ্টি, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক অসামান্য মানবিক আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে এ প্রযোজনায়। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।
এ ছাড়া অস্ট্রেলিয়া সফরকালে রেনেসাঁর আয়োজনে মেলবোর্নের নাট্যকর্মীদের জন্য ‘বাঙলা নাট্যরীতি’বিষয়ক একটি বিশেষ কর্মশালা পরিচালনা করছেন নির্দেশক জাহিদ রিপন।
হেলেন কেলারের জন্মদিবস স্মরণে স্বপ্নদলের উদ্যোগে ২৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক।






