রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে।

.আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা.

এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটির আজ বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এ বিষয়ে আজ বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।

গত ২৭ মে সকালে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট–ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

.ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী.

এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি এরই মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

.রাজধানীর আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তদন্ত চলছে