চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি বাস, একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক নারী পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার জহরুল আলমের স্ত্রী। তাঁর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মণ্ডল মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট দূর করতে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে।