বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে জয়পুরহাট শহরের আশরাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, জুয়েল, তৌফিক এলাহী ও আব্দুল মতিনসহ আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, আবু সিদ্দিক বাবু, মনির, সেনজু, মহিদুল ইসলাম খান রাজিব, আতিকুর রহমান সোহাগ, সাগর ও নয়ন।

দোয়া মাহফিল শেষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।