প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকাল থেকে দেড় শতাধিক কর্মী নিয়ে হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে।
সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মুক্তকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা ঘুরে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি দেখেছেন। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
.গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নকাজের পরিস্থিতি দেখেন। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
.বর্জ্য অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধ: ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী.প্রধানমন্ত্রীর ওই পরিদর্শনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা–আবর্জনা পরিষ্কার, পানিনিষ্কাশনের স্থান সচল করা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
.হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রতি ঈদেই এ সমস্যা হয়। বিশেষ করে কোরবানির ঈদের সময় মানুষ লেকের পাড়ে বেশি আবর্জনা ফেলেন। আমরা প্রতিবারই এভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি।’
পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলেও জানান রাজউক চেয়ারম্যান।






