ঝালকাঠির নলছিটিতে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম ওরফে রাজু (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের সরমহল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাইজুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঈদ উপলক্ষে বাড়িতে আসার সংবাদ পেয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি জোড়া খুনের অভিযোগে মামলা হয়। এর পর থেকেই তাইজুল পলাতক ছিলেন। সেই মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দৌলতপুর থানার একটি জোড়া খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলামকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।






