সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

আবদুল কাইয়ুম চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিলেটবাসীর বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়ায় বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এতে যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি দুই অঞ্চলের পর্যটন ও ব্যবসায় নতুন গতি আসবে।’

যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি বিমানের এমডির কাছে ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ জানিয়েছি। তাঁরা বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন এবং ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। দ্রুতই আমরা এ বিষয়ে সুখবর পাব বলে ধরে নিচ্ছি।’

এর আগে ২০২০ সালে তৎকালীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পররাষ্টমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এ কে মোমেন এবং বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর উদ্যোগে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছিল। তখন সপ্তাহে দুবার সিলেট থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে সিলেট রুটে বিমান চলাচল শুরু করে। কিছুদিন চলার পর হঠাৎ এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। তবে সিলেট-চট্টগ্রাম রুটে এর আগে কখনো ফ্লাইট চলাচল করেনি।