পাকিস্তানের কোয়েটা শহরে আজ রোববার সকালে একটি শাটল ট্রেনে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলুচিস্তান সরকার এ তথ্য জানিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফাটাকের কাছে ট্রেনটিকে নিশানা করা হয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সহকারী শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৪–এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ফ্রন্টিয়ার কোরের তিন সদস্যও আছেন। এ ছাড়া বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও আছে। হাসপাতালে নেওয়া হয়েছে তাঁদের।
শহিদ রিন্দ আরও বলেন, ‘সন্ত্রাসীরা নিরীহ মানুষকে নিশানা করেছেন।’
বিস্ফোরণের ধরন নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহে পুলিশ, সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) ও বোমা নিষ্ক্রিয়কারী দল রয়েছে।
পাকিস্তান রেলওয়ে বলেছে, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রাক ও ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।






