অতীতে প্রতিটি ঘটনার বিচার হলে আমাদের আজকে ধর্ষকের বিচারের দাবিতে রাস্তায় নামতে হতো না। দেশের মানুষের ধর্ষণের বিচার চাইতে হয়—এটা এই রাষ্ট্রের জন্যও লজ্জার। ধর্ষণের বিচারের জন্য আর কত আন্দোলন করতে হবে? আর কত মানববন্ধনে দাঁড়ালে আমরা ধর্ষণ থামাতে পারব?

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথাগুলো বলেন। নগরের টাউন হল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে মুক্তকণ্ঠের কুমিল্লা বন্ধুসভা।

একই দাবিতে আজ দেশের বিভিন্ন জেলায় মুক্তকণ্ঠ বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে সম্প্রতি রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ, হত্যার ঘটনাসহ সব ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

.

সারা দেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তকণ্ঠ খুলনা বন্ধুসভা।

অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

.শিশু-নারীর নিরাপত্তা ও ধর্ষক-নিপীড়কের শাস্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন.

সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর সুরক্ষায় দেশে প্রচলিত আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে অপরাধীরা নির্যাতনের ঘটনা ঘটাতে ভয় পাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে।

.

খুলনা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহসভাপতি কাজী শামীম আহমেদ, সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, মুক্তকণ্ঠের খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল, সাংবাদিক মো. সাদ্দাম হোসেন, মুক্তকণ্ঠ বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যুথি, বিএল কলেজ সিওয়াইবির সভাপতি জাহিদুর রহমান, বয়রা মহিলা কলেজ সিওয়াইবির সাধারণ সম্পাদক রিজুয়ানা ইসলাম, রংমহল ফর ইয়ুথের সভাপতি মো. আলভী শেখ ও সাধারণ সম্পাদক মৌসুমী রায়।

এ ছাড়া বক্তব্য দেন মুক্তকণ্ঠ বন্ধুসভার সহসভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার প্রমুখ।

.

নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তকণ্ঠ বন্ধুসভার আয়োজনে আজ বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বন্ধুসভার উপদেষ্টা মুক্তার হোসেনের সভাপতিত্বে সভায় দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, নাটোর বন্ধুসভার সভাপতি জামিন আহম্মেদ, চন্দ্রকোলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান, নাটোর বন্ধুসভার সাদিয়া, হান্নান, হালিম প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, সমাজে শিশু ও নারীদের নিরাপত্তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় চুপচাপ ঘরে বসে থাকা যায় না। ঐক্যবদ্ধভাবে অপরাধীদের মোকাবিলা করতে হবে। নিপীড়কদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

.

একই দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মুক্তকণ্ঠ রংপুর বন্ধুসভা। এতে শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বন্ধুসভার সভাপতি সোহেলী চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আশিকুর রহমান, শাহরিয়াল আল হাসান, রোদেলা কাওসার প্রমুখ বক্তব্য দেন।

.

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। একটি ঘটনার বিচার না হতে হতেই আরেকটি ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। এসব অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

.

কুমিল্লায় বিকেলে নগরের টাউন হল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে মুক্তকণ্ঠের কুমিল্লা বন্ধুসভা। কর্মসূচিতে কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী দিলনাশি মোহসেন, নারী নেত্রী রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, বন্ধুসভার উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, মুক্তকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কলেজশিক্ষক আদনান ভূঁইয়া, বন্ধুসভার প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাসনীম মীম প্রমুখ বক্তব্য দেন।

.

নারীনেত্রী দিলনাশি মোহসেন দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। সমাজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এবং প্রতিটি শিশু ও নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। নারী-শিশুদের নিরাপত্তা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে মুক্তকণ্ঠের কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল), কনটেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম, সাংবাদিক শামছুল আলম (রাজন), আলমগীর হোসেন, কুমিল্লা বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে কুমিল্লা রোভার স্কাউটস গ্রুপ, স্বপ্ন জোড়া সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

.

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে বন্ধুসভা। আজ বিকেলে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত কর্মসূচিতে মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি মাশফিক সিহাবের সঞ্চালনায় উদীচীর মুন্সিগঞ্জ শাখার সহসভাপতি হামিদা খাতুন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, মুক্তকণ্ঠের মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন, মহিলা পরিষদের সভাপতি নাসিমা আক্তার, সফটভারস আইটির ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম আলভি প্রমুখ বক্তব্য দেন।

.

মানববন্ধনর বক্তারা জানান, রাজধানীতে শিশুর নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সারা দেশে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। রাষ্ট্রীয় আইনের দীর্ঘসূত্রতা ও বিচারের ধীরগতির কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধন থেকে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

.

একই দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মুক্তকণ্ঠের কুড়িগ্রাম বন্ধুসভা। মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা সফি খান, কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল বক্তব্য দেন। এতে অন্যদের মধ্যে কুড়িগ্রাম জজ আদালতের আইনজীবী আহসান হাবিব, বন্ধুসভার উপদেষ্টা রুকুনুজ্জামান, আসিফ ওয়াহিদ, মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, আবদুর রহিম বাদশা, নুসরাত জাহান, হাবীব, কাওসার, হাফিজ ও আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

.

এদিকে দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা। সমাবেশে বক্তারা নারী ও শিশু ধর্ষণ-হত্যার সব ঘটনার অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

.

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তকণ্ঠের নারায়ণগঞ্জ বন্ধুসভা। আজ বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদের সভাপতিত্বে এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, মুক্তকণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

.

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বন্ধুসভার সাবেক সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মৌন লাকি, মাসুম, সৌরভ হোসেন, মো. ইমরান, আকাশ হোসেন, ইমরান হোসেন, এস এ বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

.

মাদারীপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মুক্তকণ্ঠের মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, নাট্যকার, আইনজীবী, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

.

মানববন্ধনে মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে মাদারীপুর উদীচীর সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সচেতন নাগরিক কমিটির সদস্য ও মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা এনায়েত হোসেন, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর শাখার সভাপতি মশিউর রহমান, নাট্যকার আ জ ম কামাল, মুক্তকণ্ঠের মাদারীপুর প্রতিনিধি অজয় কুণ্ডু, অ্যাপেক্স ক্লাব অব মাদারীপুরের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, মাদারীপুরের আইন সহায়তা কেন্দ্রের (আসক) সভাপতি ফাইজুল হক, জ্যেষ্ঠ সদস্য ও আবৃত্তিশিল্পী কুমার লাভলু, বন্ধুসভার সদস্য আল-শাহরিয়াত করিম, উদ্যোক্তা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিশু ও নারীরা বাংলাদেশে নিরাপদে নেই। দিন দিন তাঁদের ওপর অত্যাচার ও নিপীড়ন বেড়েই চলেছে। তাঁরা শিশু ও নারীদের নিরাপত্তা চান। যেভাবেই হোক নারী-শিশুর নির্যাতন, ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করতে হবে।

.

সারা দেশে নারী-শিশুদের নির্যাতন, ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্ধুসভা। ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের ফেনী শাখার সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও জাসাসের ফেনী শাখার সভাপতি কাজী ইকবাল আহমদ, ফেনী কার্ডিয়াক হাসপাতালে চেয়ারম্যান মুসা হাসনাত, দৈনিক সময়ের রেখা পত্রিকার সম্পাদক লায়ন জাফর উল্লাহ, সোনালী ব্যাংকের ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার পলাশ সূত্রধর, মুক্তকণ্ঠের ফেনী প্রতিনিধি নাজমুল হক প্রমুখ।

.

বন্ধুসভার সাধারণ সম্পাদক দীপঙ্কর রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন খেলাঘরের ফেনী শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ উল হক, ব্যাংকার মহিনুল হোসেন, বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার, ব্লগার কাজি তামান্না, রোকসানা আক্তার, বিবি ফাতেমা প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিচারে দীর্ঘসূত্রতার কারণে সমাজে অপরাধ বাড়ছে। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়, সেটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচার যত দ্রুত সম্ভব নিশ্চিত হবে, তত অপরাধের মাত্রা কমবে। নারী ও শিশু নির্যাতনে জড়িত অপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

.

নারী ও শিশুদের নিপীড়নের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ বিকেলে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে মুক্তকণ্ঠ বন্ধুসভা, চকরিয়া সুর তরঙ্গ একাডেমিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

.

চকরিয়া বন্ধুসভার সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান মুহাম্মদ রাফির সঞ্চালনায় মানববন্ধনে চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া, মুক্তকণ্ঠের চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, চকরিয়া সুর তরঙ্গ একাডেমির পরিচালক অমল কান্তি সেন, ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তূর্ণা নিশিতা বড়ুয়া, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, ব্যবসায়ী নেপাল দে প্রমুখ বক্তব্য দেন।

অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, আর কত শিশুর ওপর বীভৎসতা চললে দায়ীদের শাস্তি নিশ্চিত হবে। তিনিও একজন মেয়ের বাবা। তিনি তাঁর মেয়ে নিয়ে শঙ্কিত। সারা দেশে প্রতিদিন শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। রাষ্ট্রের কাছে তিনি শিশুদের নিরাপত্তার দাবি করেন।

.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সাম্প্রতিক ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তকণ্ঠ বন্ধুসভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বন্ধুসভার বইমেলা সম্পাদক শরীফ মাহমুদ প্রসূনের সঞ্চালনায় বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

.

সৈয়দ সালমান হাসান বলেন, ‘সাম্প্রতিক ধর্ষণ ও নিপীড়নের ঘটনাগুলো আমাদের গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। আমরা ধর্ষক ও নিপীড়কদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং সবার জন্য একটি নিরাপদ, মানবিক ও সম্মানজনক সমাজ গড়ে তুলতে সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

.

একই দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন বন্ধুসভার সদস্যরা। এতে পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাসান মো. আরিফ রায়হান, বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী মনসুর আলী, জেলা জজ আদালতের সাবেক জিপি আবদুল বারী, মুক্তকণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, স্থানীয় স্কুলশিক্ষার্থীর অভিভাবক নাইমা আক্তার, পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য মানিক উদ্দিন, ফাতেমা তুজ জোহরা ও মো. সানাউল্লাহ বক্তব্য দেন।

.

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে একের পর এক শিশু ও নারী ধর্ষণের শিকার হচ্ছেন। এমনকি তাঁরা হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন। এটা জাতি হিসেবে তাঁদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। সম্প্রতি ঢাকার পল্লবীতে যে শিশুটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই ঘটনা বেশির ভাগ অভিভাবকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাঁরা সারা দেশের নারী-শিশুসহ সব মানুষের জীবনের নিরাপত্তা চান।

.

সারা দেশে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মাগুরা পৌরসভার সামনে এ কর্মসূচির আয়োজন করে মাগুরা বন্ধুসভা। মানববন্ধনে দেশের সব শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের জোর দাবি জানানো হয়।

.

মুক্তকণ্ঠের মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমানের সঞ্চালনায় মাগুরা গণ কমিটির সদস্যসচিব শম্পা বসু, বন্ধুসভার সদস্য ও আইনজীবী মাজহারুল ইসলাম, বন্ধুসভার সদস্যসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধনে শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করা হয়।

.

নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নীলফামারী বন্ধুসভা। আজ বিকেলে নীলফামারী প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত কর্মসূচিতে বন্ধুসভার সভাপতি রুবি বানুর সভাপতিত্বে এবং মুক্তকণ্ঠের নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসানের সঞ্চালনায় জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি তাহমিনুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, সহসভাপতি ভুবন রায়, পঞ্চপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল হোসেন, নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা রত্না আক্তার প্রমুখ বক্তব্য দেন।

কর্মসূচি থেকে বক্তারা রাজধানীতে শিশু ধষর্ণ ও হত্যাকাণ্ডসহ সারা দেশে চলমান নারী ও শিশু ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় শিশু নির্যাতন প্রতিরোধে আলাদা আইন প্রণয়ন করে পৃথক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে নিপীড়কদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সময়ে জেলার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সৈয়দপুর বন্ধুসভা। অনুষ্ঠানে মমতাজ বেগমের সভাপতিত্বে প্রভাষক শিউলি বেগম, শিক্ষক শারমিন ইসলাম, সমাজসেবক এম এ খালেক, সাংবাদিক এম আর আলমসহ আরও অনেকে বক্তব্য দেন। বক্তারা নিপীড়কদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

.

গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন বন্ধুসভার সদস্যরা। গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদস্য রুহুল আমিন, মানবাধিকারকর্মী কাজী আবদুল খালেক, সাংবাদিক শাহজাহান সিরাজ, এনজিওকর্মী মাজেদা খাতুন ও নাজমা বেগম, গাইবান্ধা বন্ধুসভার প্রচার সম্পাদক খন্দকার রিমি প্রমুখ বক্তব্য দেন।

.

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি জাতীয় মহামারিতে পরিণত হয়েছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। একটি ঘটনার বিচার বিলম্বিত হওয়ায় আরেকটি ঘটনা ঘটছে। ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার করতে হবে। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

.

লালমনিরহাট

লালমনিরহাট বন্ধুসভার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে বিকেল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হাসনাত রানা, স্থানীয় সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা, মুক্তকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব, সংস্কৃতিকর্মী রক্তিম মিলন ও অলোক অধিকারী, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হোমায়রা হিমু প্রমুখ।

.

কর্মসূচিতে লালমনিরহাট বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রণি কোরাইশি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ববিতা সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বর্ষা রানী ও সদস্য হাফিজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কর্মসূচিতে সংহতি জানান।

.

সাভার

ঢাকার সাভারে মুক্তকণ্ঠ বন্ধুসভার মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলার মুক্তিরমোড়ে সাভার প্রেস ক্লাবের সামনে। মানববন্ধনে সাভার মুক্তকণ্ঠ বন্ধুসভা সভাপতি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম, সহসভাপতি দিবাকর বিনতে আলম, কার্যনির্বাহী সদস্য মো. ফাহিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিদিন কোনো না কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হচ্ছে। এটা শুধু একটি পরিবারের না, পুরো সমাজের ব্যর্থতা। ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

.

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে কর্মসূচির আয়োজন করা হয় বামনসুর মাঠ এলাকায়। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন এলবাট্রস বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা মহসিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওসার আহমেদ, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক পারভেজুর রহমান, মোক্তার হোসেন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্লাহ চৌধুরী সায়মন, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল প্রমুখ।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধিরা]

.নারী ও শিশুর নিরাপত্তা, সব অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি