চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নরেন্দ্র (৩৮)। গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে বিষয়টি সহকারী হাইকমিশন থেকে পুলিশকে জানানো হয়।
নরেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভারতের চণ্ডীগড়ে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে সহকারী হাইকমিশন থেকে তাঁদের একজন কর্মকর্তার মৃত্যুর তথ্য দেওয়া হয়। পুরাতন ভিসা সেন্টার অফিসের দ্বিতীয় তলায় ডেটা এন্ট্রি কক্ষে পুলিশ গিয়ে মৃত্যু হওয়া নরেন্দ্রর সুরতহাল করে। ওই কর্মকর্তা অফিসের দোতলায় একটি কক্ষে থাকতেন।
ওসি আরও বলেন, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে বাথরুম থেকে আসার পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেঝেতে পড়ে মারা যান নরেন্দ্র। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।






