মনোবিজ্ঞানীদের মতে, প্রথম দেখায় মানুষ কেবল চেহারা বা পোশাক-আশাক নয়, বরং আরও সূক্ষ্ম কিছু বিষয় লক্ষ করে। মানুষের সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু সেই অল্প সময়েই তৈরি হয়ে যায় একটি প্রাথমিক ধারণা। কেউ কীভাবে হাসে, কথা বলে কিংবা নিজেকে উপস্থাপন করে—এই ছোট ছোট বিষয়ই অনেক সময় অন্যদের মনে বড় প্রভাব ফেলে।  

.

বিশেষ করে বর্তমান সময়ে, যখন সম্পর্কের শুরুটা হয় সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ বা আলাপ-পরিচয়ের মাধ্যমে, তখন প্রথম ‘ইমপ্রেশন’–এর গুরুত্ব আরও বেড়ে গেছে। মার্কিন জৈব নৃবিজ্ঞানী হেলেন ফিশার এ বিষয়ে বলেছিলেন, ‘আধুনিক যুগে সম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বদলে গেছে। আগে যেখানে পরিবার বা সমাজের বেশ বড় ভূমিকা ছিল, এখন মানুষ নিজেই নিজের পছন্দে সম্পর্ক গড়ে তুলছে; আর তা হচ্ছে মূলত অনলাইনের মাধ্যমে।’
চলুন, জেনে নেওয়া যাক, প্রথম দেখাতেই মানুষ আপনার কোনো ৩টি বিষয় গোপনে বিচার করে—

.

আপনি হয়তো মনে করেন, প্রথম দেখায় মানুষ শুধু পোশাকপরিচ্ছদই দেখে। কিন্তু এই ধারণা কিন্তু সব সময় ঠিক না-ও হতে পারে। কারণ, অনেকেই আপনার দাঁতও লক্ষ করে আপনাকে বিচার করে। কারণটা হলো, দাঁত একজন ব্যক্তির বয়স, স্বাস্থ্য, এমনকি জীবনযাপন সম্পর্কেও অনেক তথ্য দেয়।
দাঁতের অবস্থা দেখে অনেক সময় বোঝা যায়, তিনি ধূমপান করেন কি না, অতিরিক্ত কফি খান কি না, কিংবা তিনি মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় ভুগছেন কি না। আপনি যখন হাসেন, তখন অপর ব্যক্তিটি আপনার দাঁতের দিকে নজর দেয়।
গবেষণায় দেখা গেছে, সাদা ও পরিচ্ছন্ন দাঁত একজন ব্যক্তিকে আরও বিশ্বাসযোগ্য, সফল ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করে। বিপরীতে, হলুদ বা নোংরা দাঁত অনেক সময় নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই প্রথম দেখায় ভালো ইমপ্রেশন গড়ে তুলতে দাঁতের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ।

.প্রথম দেখায় সম্পর্ক তৈরির শক্তিশালী গোপন উপাদানটি কী, জানেন?.

আপনি যখন কথা বলেন, তখন কী ধরনের ভাষা ব্যবহার করছেন এবং কথা বলার সময় ব্যাকরণের কেমন প্রয়োগ করছেন—এসব থেকেই একজন ব্যক্তি আপনার শিক্ষাগত যোগ্যতা, সামাজিক পরিবেশ এবং ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা তৈরি করে।
ফেসবুক পোস্ট, ইনবক্স, ডেটিং অ্যাপ কিংবা প্রথম পরিচয়ের সময় কথোপকথনে মানুষ খুব দ্রুতই অন্যের শব্দ চয়ন ও ভাষার দিকে নজর দেয়। অসংলগ্ন বাক্য ব্যবহার, অগোছালো ভাষায় কথা বলা বা ভুল বানানে মেসেজ পাঠানো অনেকের কাছেই অস্বস্তিকর মনে হতে পারে।
গবেষণায় দেখা গেছে, অনেক ব্যক্তি আত্মবিশ্বাসের চেয়েও পরিষ্কার ও শুদ্ধ ভাষা ব্যবহারে বেশি গুরুত্ব দেন। কারণ, সুন্দরভাবে কথা বলা বা লেখা একজন ব্যক্তিকে আরও সচেতন, শিক্ষিত ও পরিণত হিসেবে তুলে ধরে।
তাই প্রথম ইমপ্রেশন ভালো করতে ভাষা ও বানানের প্রতি যত্নশীল হওয়া জরুরি। মেসেজ পাঠানোর আগে একবার পড়ে নেওয়া বা ভুলগুলো ঠিক করে নেওয়াও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

.পদবি বদলানোর ঝক্কি এড়াতে জাপানিদের বিয়ের অভিনব উদ্যোগ.

আমরা নিজেদের সম্পর্কে কী ভাবি, সেটি আমাদের আচরণ, কথাবার্তা এবং শরীরী ভাষায় স্পষ্টভাবে প্রকাশ পায়। কেউ যদি ভেতরে অস্বস্তি বা দ্বিধায় থাকেন, তাহলে অনেক সময় তিনি অন্যদের সামনে নিজের স্বাভাবিক রূপ তুলে ধরতে পারেন না, আর এটি খুব দ্রুতই অন্যদের চোখে ধরা পড়ে।
অন্যদিকে, স্বাভাবিক ও আত্মবিশ্বাসী মানুষকে সাধারণত বেশি আকর্ষণীয় মনে করা হয়। কারণ, তারা নিজেকে লুকানোর চেষ্টা করে না এবং সহজভাবে যোগাযোগ করতে পারে। মনোবিজ্ঞানী হেলেন ফিশারের মতে, মানুষের মস্তিষ্ক প্রথম দেখাতেই অন্যজনকে দ্রুত বিচার করার চেষ্টা করে। তাই আত্মবিশ্বাস প্রথম ইমপ্রেশনে বড় ভূমিকা রাখে।

.

প্রথম দেখাতেই তৈরি হওয়া এই প্রাথমিক ধারণা অনেক সময় দীর্ঘ মেয়াদে সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। তাই দাঁত, ভাষা ও আত্মবিশ্বাস—এই তিন বিষয়ে সচেতন থাকলে নিজের প্রথম ইমপ্রেশনকে আরও ইতিবাচক ও প্রভাবশালী করা সম্ভব।


সূত্র: ইয়োর ট্যাঙ্গো

.সন্তান মায়ের কাছ থেকে যেসব গুণ বা বৈশিষ্ট্য পায়