আরও এক মৌসুম বার্সেলোনায় থাকবেন—এমন খবর জোরাল ছিল না। আবার চলে যাবেন—এমন খবরও নয়। শেষ পর্যন্ত সত্যি হলো দ্বিতীয়টি।
চলতি ২০২৫–২৬ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন রবার্ট লেভানডফস্কি। ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার আজ ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে বার্সাকে বিদায় জানিয়েছেন। চার বছরের বার্সেলোনা ক্যারিয়ারে তিনটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বার্সেলোনা লেভানডফস্কির সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে চায়। তবে লেভা যে এখন সরে যাওয়াই ভালো মনে করেছেন, সেটিই ফুটে উঠেছে চলে যাওয়ার সিদ্ধান্তের ঘোষণায়।
ইনস্টাগ্রামে বার্সেলোনায় তাঁর কিছু সুখকর স্মৃতির একটি আবেগঘন ভিডিও পোস্ট করে লেভানডভস্কি একটি বার্তা লিখেছেন। ভালো অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছেন জানিয়ে লেভা লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর পর এখন এগিয়ে যাওয়ার সময়। ৪ মৌসুমে ৩টি লিগ, আমি লক্ষ্যপূরণের অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি।’
বার্সা সমর্থকসহ ক্লাবে থাকাকালীন যাঁদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেভানডভস্কি আরও যোগ করেন, ‘বার্সা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছে। ভিসকা এল বার্সা। ভিসকা কাতালুনিয়া।’
আগামীকাল লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে লেভানডফস্কির শেষ ম্যাচ। আর বার্সার জার্সিতে শেষ ম্যাচ হতে পারে ২৩ মে ভ্যালেন্সিয়ার মাঠে লিগের সমাপনী রাউন্ডের ম্যাচ।
লেভার পরের গন্তব্য কোথায়, এখন পর্যন্ত তা অনিশ্চিত। দলবদলের খবরের আলোচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রস্তাব আছে লেভার কাছে। তবে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।লেভার দল পোল্যান্ড এবার ইউরোপিয়ান প্লে–অফ থেকে ছিটকে পড়ায় এবারের বিশ্বকাপে খেলছে না।






