সিঙ্গাপুরে এনটিইউসির ‘পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট’ মে ডে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের এই যুবক গত বুধবার অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এনটিইউসির মহাসচিব এনজি চি মেং-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

মো. মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এমডব্লিউসির সদস্যপদ প্রচারের পাশাপাশি ফেয়ারপ্রাইস, পিপলস অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর পুলিশ ফোর্স, ডরমিটরি অপারেটর ও বিভিন্ন দাতব্য সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি সহকর্মীদের বিভিন্ন শিক্ষামূলক কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিতে উৎসাহিত করেন। অভিবাসী কর্মীদের মধ্যে প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ানো, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দুর্ঘটনায় সহায়তার উপায় সম্পর্কে তথ্য প্রদান করেন। সিঙ্গাপুরের আইনকানুন সম্পর্কেও তিনি সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন।

মো. মেহেদী হাসান এমডব্লিউসিকে সক্রিয়ভাবে সমর্থন করে অভিবাসী কর্মীদের কাছে নিবেদিতপ্রাণ বলিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত সহকর্মীদের ব্যাখ্যা করেন যে কীভাবে এমডব্লিউসির সদস্যপদ তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে মো. মেহেদী হাসান বলেন, ‘প্রবাসের মাটিতে যেকোনো পুরস্কার স্বপ্নের মতো। এই পুরস্কারের মাধ্যমে আমার আরও বেশি দায়িত্ব বেড়ে গেছে। আগামীতে আমি আরও দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী হয়ে অভিবাসী কর্মীদের সঠিক দিকনির্দেশক হিসেবে কাজ করব। একই সঙ্গে আমার এই অর্জন সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।’

তাঁর বন্ধুত্বপূর্ণ ও সহজ-সরল স্বভাবের কারণে অভিবাসী কর্মীরা তাঁর কাছ থেকে সহজেই সঠিক নির্দেশনা নিতে পারেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে এনটিইউসির পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন ২০২৫ সালে মেহেরপুরের মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের সুমন বিশ্বাস।