মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে ২০২৬ সালের ৩১ জানুয়ারি অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করণীয়’ শীর্ষক আলোচনা করেন।

তিনি বলেন, নতুন স্কুলে ভর্তি হওয়ার পর অনেক শিশু কান্নাকাটি করে বা বাবা-মায়ের কাছ থেকে আলাদা হতে চায় না। কখনো কখনো অভিভাবককে স্কুলের গেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এমন আচরণ দেখে অনেক বাবা-মা দুশ্চিন্তায় পড়েন।

ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শুরুর দিকে এই ভয় পাওয়া মোটেও অস্বাভাবিক নয়, বরং এটি একটি সুস্থ মানসিক বিকাশের লক্ষণ।’ তিনি আরও বলেন, ‘একজন শিশুর পৃথিবী শুরু হয় তার কাছের মানুষের (প্রাইমারি কেয়ারগিভার) মাধ্যমে। যাদের সঙ্গে তার গভীর আবেগীয় বন্ধন বা অ্যাটাচমেন্ট থাকে, তাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটা শিশুর কাছে নিরাপত্তাহীনতার মতো। জীবনের প্রথম স্কুলের দিনে শিশু ভয় পাবে, একটু আঁকড়ে ধরবে—এটাই স্বাভাবিক আচরণ। উল্টো যদি শিশু একেবারেই ভয় না পায় বা কাছের মানুষকে মিস না করে, তাহলে সেটাই ভয়ের বিষয়।’

তিনি জোর দিয়ে বলেন, শিশুর মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালোভাবে জানা ও বোঝা প্রয়োজন।