আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে ব্রাজিলের সময় ভালো না গেলেও বিশ্বের বিভিন্ন লিগে ফুটবলার রপ্তানিতে দেশটি এখনো শীর্ষে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ বিশ্বের ১৩৫টি পেশাদার লিগের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, বর্তমানে বিভিন্ন দেশের লিগে ১,৪৫৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন। গত বছরও ব্রাজিল শীর্ষে ছিল, সে সময় বিদেশের লিগে খেলেছিলেন ১,৪১৮ জন ব্রাজিলিয়ান খেলোয়াড়।

ব্রাজিলের পরেই রয়েছে ফ্রান্স। বর্তমানে বিদেশে খেলছেন ১,২৭৫ জন ফরাসি ফুটবলার। গত পাঁচ বছরে ফ্রান্সের খেলোয়াড় রপ্তানির হার বেড়েছে ৩৫ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের ১,০১৬ জন খেলোয়াড় বিদেশের লিগে খেলছেন। এ বছর তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জন ফুটবলার রপ্তানি বেড়েছে ফ্রান্সের।

প্রতিবেদনে দেখা গেছে, পর্তুগাল, স্পেন ও নাইজেরিয়াও খেলোয়াড় রপ্তানিতে উন্নতি করেছে। গত কয়েক বছরে পর্তুগালের খেলোয়াড় রপ্তানি বেড়েছে ৬৬ শতাংশ, স্পেন ও নাইজেরিয়ার বৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ করে। ২০২১ সাল থেকে শীর্ষ ৫০টি দেশের মধ্যে মাত্র ৯টি দেশের খেলোয়াড় বিদেশে যাওয়ার হার কমেছে। এর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে সার্বিয়ার, যাদের খেলোয়াড় রপ্তানি ১২ শতাংশ কমেছে।

ব্রাজিলের ফুটবলারদের প্রধান গন্তব্য পর্তুগালের লিগ। ভাষাগত ও সাংস্কৃতিক মিল এর কারণ হতে পারে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর তাদের খেলোয়াড়দের চাহিদাও বিশ্ববাজারে বেড়েছে।