ব্রাজিলের ছেলেরা মেক্সিকোয় অনুষ্ঠিত ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ’ টুর্নামেন্টের ছেলেদের বিভাগে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের বিভাগে স্বাগতিক মেক্সিকো কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে।

মেক্সিকো সিটির উপকণ্ঠ টেক্সকোকোয় গত বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালের আগে আয়ারল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘ইউটু’র ড্রামার ল্যারি মুলেন জুনিয়র টস করেন। বোনো, দ্য এজ ও অ্যাডাম ক্লেটনসহ ব্যান্ডের অন্য সদস্যরা সাইডলাইনে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

‘স্ট্রিট চাইল্ড ইউনাইটেড’–এর প্রধান নির্বাহী জন রো বলেন, ‘এটি স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে এই সুবিধাবঞ্চিত তরুণদের কণ্ঠস্বর তুলে ধরা।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের আবহেই আমরা তাদের এই ফুটবল বিশ্বকাপের আমন্ত্রণ জানাই। এর একমাত্র লক্ষ্য বিশ্ব গণমাধ্যমের নজর কাড়া, যাতে এই শিশুরা নিজেদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারে।’

ব্রাজিলের ১৮ বছর বয়সী অধিনায়ক জোয়াও জেভি বলেন, ‘প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। মেক্সিকোর মাটিতে এমন অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্যিই জীবনে একবারই আসে। আমরা দীর্ঘ দুই বছর কঠোর অনুশীলন করেছি।’ তিনি আরও বলেন, ‘দেশের বাইরে ব্রাজিলের প্রতিনয়িত্ব করার অনুভূতি ভাষায় প্রক্ষাশ করার মতো নয়।’

ভারতের মেয়েদের দলের ১৭ বছর বয়সী অধিনায়ক পবিত্র ভেল্লাইয়াঙ্গিরি বলেন, ‘এই বিশ্বকাপে আমার সবচেয়ে ভালো লেগেছে অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে মেশার সুযোগ পাওয়া।’

মার্কিন র‍্যাপার পল রাসেল বলেন, ‘ভাবতেই অবাক লাগে যে এই শিশুদের অনেকের জন্যই এটি ছিল প্রথম উড়োজাহাজে চড়ার অভিজ্ঞতা। এটি যেভাবে বিশ্ব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে, তা সত্যিই দারুণ এক দৃশ্য।’

খেলার মাঠের বাইরেও টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন খেলোয়াড়েরা। অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়া থেকে শুরু করে পথশিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও নিয়েছেন তারা।

খেলোয়াড়দের উদ্‌যাপন ও জমকালো এক কনসার্টের মাধ্যমে পর্দা নামে এই টুর্নামেন্টের।