দেশের বাজারে আজ শনিবার সোনার দাম আবার কমানো হয়েছে। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম কমল।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। গতকাল শুক্রবার ও আজ মিলিয়ে সোনার ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সমন্যয় করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে দাম সমন্বয় করেছেন জুয়েলার্স সমিতির নেতারা। সর্বশেষ ৭ মে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।
আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনার দাম দাঁড়িয়েছে এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এ ছাড়া আজ রুপার দামও কমেছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
আজ নতুন দাম কার্যকর হওয়ার আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা, সনাতন পদ্ধতিতে সোনার ভরি ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম কমেছে। ১৫ মে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স প্রায় ১৩৭ ডলার কমেছে। এ ছাড়া গত ৩০ দিনে সামগ্রিকভাবে সোনার দাম ১০৮ ডলার কমেছে।






