আইয়ুব বুয়াদ্দিকে দলে পাওয়া নিয়ে মরক্কো ও ফ্রান্সের মধ্যে চাপা টানাটানি চলছিল। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয়েছে মরক্কো।
ফরাসি ক্লাব লিলের এই মিডফিল্ডারকে লিগ আঁর অন্যতম সেরা উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সে জন্ম নিলেও বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটি মরক্কোর জন্য বড় সুখবর।
রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন গতকাল শুক্রবার জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছে। ফেডারেশনের করা জাতীয়তা পরিবর্তনের আবেদন ফিফা অনুমোদন করেছে। এতে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার এখন মরক্কোর হয়ে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
মরক্কান বাবা-মায়ের সন্তান বুয়াদ্দি ফ্রান্সে জন্ম নেওয়ায় দুই দেশের মধ্যে তাঁকে দলে টানার লড়াই চলছিল। ফিফার এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত মরক্কোই হাসল।
বয়সভিত্তিক পর্যায়ে বুয়াদ্দি এর আগে ফ্রান্সের হয়ে খেলেছেন। তাঁর সর্বশেষ ম্যাচ ছিল লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে, যেখানে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তবে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ হিসেবে মরক্কোকেই বেছে নিয়েছেন তিনি।
গত কয়েক মৌসুমে লিলের মূল একাদশে নিয়মিত খেলেছেন বুয়াদ্দি। ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি।
দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলারদের নিজেদের দলে টানার ঐতিহ্য গড়ে তুলেছে মরক্কো। এর আগে ফুলহামের ডিফেন্ডার ঈসা দিওপ ও বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক রায়ান বুনিদাকেও তারা দলে ভেড়িয়েছে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কীর্তি গড়া মরক্কো এবার ‘সি’ গ্রুপে খেলবে। গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড।






