মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে নিয়োগের মাত্র ১০ দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ মহাপরিচালক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের একটি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১৬ মে (শনিবার) মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ৯ মে আইজিপি আলী হোসেন ফকিরের পৃথক দুটি আদেশে ফেনী ও পঞ্চগড়ের দুই এসপিকে প্রত্যাহার করা হয়। তারা হলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। বিতর্কের জন্ম নেওয়ায় তাঁদের মধ্যে তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।






