একলা আকাশ
জোয়ার এলে দুকূলে ছাপে স্মৃতির চর
আমি তখন
রূপান্তরিত নির্ভরযোগ্য এক অন্য নাগরিক হয়ে যাই।
আমায় নিয়ে অনেকেরই বিমূর্ত আছে
আমার বীরত্ব নিয়েও অস্বস্তিতে আছে অনেকেই
কার্যত স্বীকারোক্তিতে তাদের খিঁচুনি আমি টের পাই
অপরাধবোধে তারা অনড়।
আমি জানি, আমার মুঠোয় ধরা আছে সময়
আমি চাইলেই ধর্মকে উপধর্ম বানিয়ে
হাতে পরিয়ে দিতে পারি রাজদণ্ড,
উলুধ্বনিকে আমি বানিয়ে দিতে পারি দুঃখের দাস।
আমি রূপান্তরিত নাগরিক হলেও
শূন্যতার প্রতিধ্বনি আমারও আছে,
মুক্তি আর মৃত্যুর পার্থক্য আমিও বুঝি।
জানি, আমার মৃত্যুর পর
আমার সমাধিতে অনেকেই বৃত্ত আঁকবে
আমি এ–ও জানি, এ তোমাদের প্রাচীন চেষ্টা
জলের নিচে তখনো আমি ভাসমান থাকব,
আমি নিশ্চিত, আমি উর্বর পলি মাটিই হব।
আমি সেই অচেনা বিশ্রামের জন্য অপেক্ষা করছি।
আমি নতজানু হয়ে আত্মসমর্পণ করব
আমি তৃতীয়বার আবারও বলব
আমি স্বর্গের অধিক উচ্চতায় যাচ্ছি
পুরোপুরি অন্ধকার আমায় গিলে নিলেও
অন্ধকার গাম্ভীর্যে সেদিন আমি পূর্ণ সমর্পিত হব।
*লেখক: শরীফুল আলম, বোর্ড মেম্বার, পিভিসি কনটেইনার করপোরেশন ইএসএ, কলামিস্ট এবং কবি নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। shariful.alam.faruk@gmail.com
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: dp@prothomalo.com






